Business

অপেক্ষা করো

 

অপেক্ষা করো কুষ্টিয়া, গড়াই নদীর বাতাস।

অপেক্ষা করো বড়বাজার, শিউলি ফুলের সুবাস।
আমি ফিরব। ফিরব ধুলোঝড়, বর্ষা, দীর্ঘ পথ পেরিয়ে।
ফিরবো বলেই তোমার গন্ধ রেখেছি বুকে জড়িয়ে।
অপেক্ষা করো ছেঁউড়িয়ার নিশীথরাত, একতারা আর দূরের সুর।
বুকের ভেতরে তোলপার করা গান, রাতজাগা বাতাসে সুমধুর।
আমি ফিরব। ফিরব লালন আখড়া, তোমার গান কুড়িয়ে নিতে।
বহুদিনের ভাঙা স্বপ্ন আটকে আছে আমার পুরোনো স্মৃতিতে।

অপেক্ষা করো শিলাইদহ কুঠিবাড়ি, রেনউইক বাঁধের আলো।
তোমার চোখে রেখে আসা, আমার সেই পুরোনো ভালো।
আমি ফিরব। ফিরব কবিতার কাছে, মানুষের কাছে, নিজের কাছে।
আমার বুকের নিঃশব্দ নদী আজও তোমার জন্য বাঁচে।
অপেক্ষা করো তুমি, সেই নীল শাড়ি, ছোট্ট টিপ, জানালার পাশে ছায়া।
যার চুলে নামতো সোনালী বিকেল, সন্ধ্যা, যার নামজুড়ে এতো মায়া।
আমি ফিরব। হারানো সব আদর তোমায় ফিরিয়ে দিতে।
তোমার উঠোনে, শিউলি গাছের নিচে, চুলের গন্ধ নিতে।
অপেক্ষা করো আমার প্রথম স্পর্শ, প্রথম লজ্জা, প্রথম হাত ধরা।
অপেক্ষা করো কলেজ মাঠ, কোমল হাতের ছোঁয়ায় দিশেহারা
আমি ফিরব। ফিরব তোমার কাছে, আমার সেই পুরোনো ঠিকানা।
হে প্রিয়তমা, তোমাকে ছাড়া আমার আর বেঁচে থাকা মানা।
শোনো শিলাইদহ, কুষ্টিয়ার পথঘাট, পুরোনো বৃক্ষ, জনপদ।
আমি ফিরব। ফিরবই একদিন, এ আমার গোপন শপথ।

Post a Comment

0 Comments