Business

যে জীবন আমার, সেটাতো চাইনি আমি




যে জীবন আমার, সেটাতো চাইনি আমি।

তবু এই জীবনই প্রতিদিন এসে দাঁড়ায়,

নিঃশব্দে বলে,

ফিরে যাওয়ার কোনো পথ আর নেই।

 

আমিতো হাওয়ার মতো থাকতে চেয়েছিলাম,

হাওয়ারা যেমন আপন মনে

বয়ে যায় এপ্রান্ত থেকে ওপ্রান্তে

শুধু পথের সাথে, একটু রোদে, একটু বৃষ্টিতে।

 

যে জীবন আমার, সেটাতো চাইনি আমি।

আমিতো চেয়েছিলাম পাগলামী ভরা রাত,

বাউন্ডুলে দিন, স্বেচ্ছাচারী জীবন।

অথচ আমার ডানায় বেধে রাখা ভারী পাথর।

 

যাদের চোখে একদিন আগুন দেখেছিলাম,

আজ তাদের চোখে কেবল আয়না।

নিজেকে ছাড়া

আর কাউকে সেখানে দেখা যায় না।

 

অভিমানও কোথায় যেন চলে গেছে।

যেমন চলে যায় নদী,

পিছনে রেখে যায় শুধু

ভেজা মাটি, শুকনো শেওলা।

 

মাঝে মাঝে মনে হয়,

আমি কি সত্যিই ভুল জীবনে ঢুকে পড়েছি?

নাকি এটাই আমার জীবন,

আমিতো কোনোদিনই তাকে নিজের বলে মানিনি!

 

যে জীবন আমার, সেটাতো চাইনি আমি।

তবু এই জীবনই আমার একমাত্র ঠিকানা।

তাই প্রতিটি সকালকে সন্দেহ করি,

প্রতিটি রাত আসে অবিশ্বাস নিয়ে।

 

আর ভোর হলে,

নিজের ছায়াটাকে পাশে নিয়ে হাঁটি।

কোথাও কেউ অপেক্ষা করে না

এ কথা জেনেও হাঁটি।

কারণ থেমে যাওয়ার চেয়ে,

হেঁটে যাওয়াই আমার শেষ স্বাধীনতা।

#


Post a Comment

0 Comments