About Me

যে জায়গাটা আর আমাদের ছিল না


যে জায়গাটা আর আমাদের ছিল না

-অরণ্য জুয়েল


সবচেয়ে বিপজ্জনক মানুষ

সে নয়, 

যে লাঠি ধরে।


সবচেয়ে বিপজ্জনক মানুষ

সে,

যে বলে-

“আমি কিছুই জানি না।”


আমরা যেটাকে নির্বাচন বলেছিলাম,

ওটা ছিল লাইন ধরে দাঁড়ানোর মহড়া।

আমরা ভেবেছিলাম

ব্যালট মানে সিদ্ধান্ত,

পরে জানলাম-

সিদ্ধান্ত আগেই হয়ে আছে।


আমরা যেটাকে রাষ্ট্র বলেছিলাম,

ওটা একদিন হঠাৎ

মাইক হাতে নিয়ে দাঁড়াল

আমাদের মুখের সামনে।


আমরা হাত তুলেছিলাম

সম্মতির ভেবে,

পরে বুঝেছি

এটা ছিল আত্মসমর্পণের ভঙ্গি।


আমরা যেটাকে সকাল বলেছিলাম,

আসলে সেটা ছিল কেবল আলো জ্বলে ওঠা একটি স্ক্রিন,

যার ভেতরে সময় চলছিল না।


যে শব্দগুলোকে আমরা বিশ্বাস ভেবে

বারবার উচ্চারণ করেছিলাম,

খেয়াল করিনি

সেগুলো কবে স্লোগান হয়ে গেছে।


আমরা ভেবেছিলাম

হাতের ভেতর যে উষ্ণতা

তা মানুষের, পরে বুঝলাম

এটা কেবল অভ্যাসের তাপ। 


যে শব্দগুলো উচ্চারণ করলে

সমস্যা হওয়ার কথা ছিল না,

একদিন সেগুলোই সমস্যা হয়ে উঠল।


দিনে দিনে স্বপ্ন শর্তসাপেক্ষ হয়ে উঠলো

প্রশ্ন করা অপরাধ হলো, 

অপরাধ হয়ে উঠলো দেশপ্রেম।


শহরের প্রধান সড়ক দিয়ে

এক পাল ছাগল নিয়ে হেটে যাওয়া

ব্যক্তিকে রাখাল ভেবেছিলাম।


পাশ থেকে একজন বলে উঠলো

মশাই,  উনি রাখাল না

শালা একটা কশাই।


আমরা ভাবতাম

দেখলেই বুঝব, শুনলেই চিনব।

কিন্তু তারা শিখেছিল

কীভাবে দেখাকে ঢাকতে হয়।


আমরা তখনও দাঁড়িয়ে ছিলাম

ঠিক জায়গাতেই।

কেবল জায়গাটা আর আমাদের ছিল না।


আমরা যে দরজাটাকে ভবিষ্যৎ মনে করে

প্রতিদিন খুলতাম,

একদিন দেখি

ওটা আসলে জরুরি বহির্গমন

ভেতর থেকে বাইরে যাওয়ার।


#অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments